পশ্চিমবঙ্গের বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ সহকর্মী ও ভক্তরা। জানা গেছে, শুটিং চলাকালীন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই অভিনেতা।
রোববার তালসারির সমুদ্রতটে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ৪৩ বছর বয়সী রাহুল। ইউনিট সূত্রে জানা যায়, একটি দৃশ্যের প্রয়োজনে তিনি সমুদ্রে নামেন। তবে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ তলিয়ে যান তিনি। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে ইউনিটের অনেকেই বিরতিতে ছিলেন। এসময় রাহুল আরও কিছু শট সম্পন্ন করতে সমুদ্রে যান। হঠাৎ করেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। তিনি বলেন, “একজন সম্পূর্ণ সুস্থ মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন—এটা মেনে নেওয়া সত্যিই কঠিন।”
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা রাহুল অরুণোদয় তার অভিনয় জীবনে প্রায় ৪৫০টির বেশি নাটকে কাজ করেছেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ এবং ‘আকাশ অংশত মেঘলা’র মতো সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন।
ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহুল। যদিও ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ।
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন রাহুল, যা অল্প সময়েই জনপ্রিয়তা পায়।
তার অকাল প্রয়াণে টালিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন।